হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে ইরানের হরমুজ প্রণালির হেংগাম ও কেশম দ্বীপের উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি বলেন, স্থানীয় সময় ভোর ৫টার দিকে জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তবে হামলাটি কারা চালিয়েছে, তা তিনি উল্লেখ করেননি।এর আগে রাতভর হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে চলা সংঘাতে এটি অন্যতম বড় উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
ইরান দাবি করছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা হরমুজ প্রণালির চলাচল সীমিত করেছে। সংঘাত শুরুর আগে এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল অবাধ ও নির্বিঘ্ন ছিল।
বর্তমানে প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণ দেখিয়ে তেহরান এ ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি জাহাজ চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সেবা ফি আরোপের একটি ব্যবস্থাও বিবেচনা করছে ইরান।
ইরানের নির্দেশনা না মানা জাহাজগুলো প্রায়ই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে যুক্তরাষ্ট্রও মাঝেমধ্যে ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালাচ্ছে।
এদিকে, গুরুত্বপূর্ণ এই নৌপথের অচলাবস্থা নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। হরমুজ প্রণালির অপর প্রান্তে অবস্থিত ওমানও বৈঠকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
