মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সদর হাসপাতালে ৬ জন এবং হরিরামপুরে ৫ জন। এছাড়া সাটুরিয়ায় ৪ জন ও ঘিওরে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বেসরকারি পর্যায়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ৫৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২২৬ জনসহ মোট ৮২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।
তিনি বলেন, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।