অসুস্থ হয়ে পড়েছেন আশির দশকের কবি ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালটির নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।
পরিবারের কেউই রিফাত চৌধুরীর সঙ্গে হাসপাতালে নেই। অর্থনৈতিকভাবেও সচ্ছল নন। সরকারি সহযোগিতা নয়, মানুষ ভালোবেসে পাশে দাঁড়ালে তা গ্রহণ করবেন এই অভিনেতা। তার ভাষায়—“আমার কাছে কোনো টাকা-পয়সা নেই। ডাক্তারকে একটা টাকাও দিতে পারি না। এর মধ্যে আমার চিকিৎসা চলছে মানুষের ভালোবাসায়। যদি মানুষ ভালোবেসে কিছু দিতে চায়, সেটা নেব।”
রিফাত চৌধুরীর এ পরিস্থিতির খবর জানতে পেরেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রবীণ কবি ও অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। চঞ্চল চৌধুরী বলেন, “গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি—কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না!”
রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয় চঞ্চল চৌধুরী বলেন, “যারা উনাকে ব্যক্তিগতভাবে চেনেন অথবা যারা উনার কবিতা বা অভিনয়ের ভক্ত বা সহকর্মী আছেন অথবা আমাদের টেলিভিশন বা সিনেমা মিডিয়ার যতগুলো সংগঠন আছে…অথবা সরকারিভাবেও যদি উনার সুচিকিৎসার ব্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট সকলের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ বা আহ্বান…।”
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা