ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল ও খায়রুল বাসার। একসঙ্গে বেশ কিছু নাটক টেলিফিল্মে কাজ করেছেন তারা। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন। তাদের ব্যক্তিগত সম্পর্কও ভালো।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খায়রুল বাসারের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুনেরাহ জানালেন, খায়রুল বাসার তোমার বিয়েটা এবার দিয়েই দেব।
সুনেরাহর পোস্ট করা ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে খায়রুল বাসারের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন সুনেরাহ। দুজনের দৃষ্টি দূরে কোথাও গিয়ে থমকে গেছে। এ ছবির ক্যাপশনে সুনেরাহ বিনতে কামাল লেখেন—“খায়রুল বাসার ওই দেখ, তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি। এবার বিয়েটা দিয়েই দিব।”
সুনেরাহর এ পোস্টে এক ঘণ্টায় রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩ হাজার। মন্তব্য পড়েছে দেড় শতর মতো। এ জুটির ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ সুনেরাহর বিয়ের কথাও বলছেন। অনেকে তারকা জুটিকে নিয়ে রসিকতায় মেতেছেন।
শুধু নেটিজেনরাই নন, সুনেরাহর পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খায়রুল বাসার। সুনেরাহকে মেনশন করে এই অভিনেতা লেখেন, “সুনেরাহ, কি বলে যে ধন্যবাদ জানাব! এ যে দেখছি মেঘ না চাইতেই সুনেরাহ (বৃষ্টি)! একটা পাত্রীর আশায় আশায় ছোট্ট জীবনটা কেটেই যাচ্ছিল। বড় বাঁচান বাঁচাইলা গো…।” খায়রুল বাসারের রসিকতামাখা এ মন্তব্য নিয়ে মেতে উঠেছেন তার ভক্ত-অনুরাগীও।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা