বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে ৩ কেজি ৭০০ গ্রাম ইলিশ বিক্রি ১০ হাজার ৯০০ টাকায়

নোয়াখালীতে ৩ কেজি ৭০০ গ্রাম ইলিশ বিক্রি ১০ হাজার ৯০০ টাকায়

নোয়াখালীতে ৩ কেজি ৭০০ গ্রাম ইলিশ বিক্রি ১০ হাজার ৯০০ টাকায়

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী ইলিশটি কিনে নেন। বড় আকারের এই ইলিশটি কিনতে নিলামে অন্তত ১৭ জন ব্যবসায়ী অংশ নেন।
জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। রোববার সকালে ১২ জন জেলেকে সঙ্গে নিয়ে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছাকাছি নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে নদীতে জাল ফেলেন। মঙ্গলবার জাল তুলতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি চেয়ারম্যানঘাট মাছঘাটে এনে শাহজাহান ব্যাপারীর আড়তে বিক্রির জন্য তোলা হয়।
ইলিশটির ক্রেতা বিষু ব্যাপারী বলেন, “আমি ১০ হাজার ৯০০ টাকায় ইলিশটি কিনেছি। মাছটি ঢাকার মোকামে পাঠাব। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করতে পারব। রাজধানীতে বড় আকারের ইলিশের বিশেষ চাহিদা রয়েছে।”
জেলে জাহেদ মাঝি বলেন, “জালে বড় ইলিশটি পাওয়ার পর আমরা খুব খুশি হয়েছি। মাছটি ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির মাছ ধরেছি। সব মিলিয়ে চেয়ারম্যানঘাট মাছঘাটে প্রায় পৌনে তিন লাখ টাকার মাছ বিক্রি করেছি।”
আড়তদার শাহজাহান ব্যাপারী বলেন, “জাহেদ মাঝি সাগর থেকে বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আমার আড়তে আসেন। এর মধ্যে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটির নিলামে দাম ওঠে ১০ হাজার ৯০০ টাকা। পরে সর্বোচ্চ দরদাতা বিষু ব্যাপারীর কাছে মাছটি বিক্রি করা হয়।”
স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বলেন, “এবার ইলিশ তুলনামূলক কম পাওয়ায় জেলেরা হতাশ। তবে মাঝেমধ্যে বড় আকারের কিছু ইলিশ ধরা পড়ছে। বড় ইলিশ দেখে ভালো লাগছে। যদিও দাম বেশি হওয়ায় অনেকেই তা কিনতে পারছেন না।”
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, “এবার তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়ছে। এর মধ্যে দু-একটি বড় ইলিশ ধরা পড়ায় জেলেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। আশা করছি, ভরা পূর্ণিমায় আরও বেশি মাছ ধরা পড়বে।”
স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা বলছেন, নদী ও সাগরে ইলিশের বিচরণ বাড়লে আগামী দিনে বড় আকারের ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহও বাড়বে। এতে জেলেদের আয় বাড়ার পাশাপাশি মাছের বাজারেও স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

 

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি