বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকরি ছেড়ে মানুষের জন্য চিকিৎসাসেবার পরিধি বাড়াতে উদ্যোগী হয়েছেন গাজীপুরের শ্রীপুরের চিকিৎসক ডা. মুহাম্মদ আবুল হোসাইন। মাওনা চৌরাস্তায় নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন আল-হেরা হাসপাতাল। ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা, গাইনি ও প্রসূতি সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্যাথলজি পরীক্ষা ও কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে এখানে।
শ্রীপুরের বারতোপা গ্রামের সন্তান ডা. আবুল হোসাইন দুই দশকের বেশি সময় ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মজীবন শুরু করলেও পরে সরকারি চাকরি ছেড়ে বেসরকারি উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি। সাধারণ মানুষের কাছে তুলনামূলক কম খরচে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাঁর উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের পাশাপাশি ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে আল-হেরা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সেখানে স্থানীয়দের জন্য চিকিৎসক পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতাল পরিচালনা ও উদ্যোক্তা হিসেবেও স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন ডা. আবুল হোসাইন। সম্প্রতি চিকিৎসাসেবায় অবদান ও উদ্যোক্তা হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা দিয়েছে ‘বাংলাদেশ সমাচার’ ও ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. মুহাম্মদ আবুল হোসাইন বলেন, ‘যেকোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আল-হেরা হাসপাতাল ও আল-হেরা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মাধ্যমে সাধারণ ও অসহায় মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
