ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। অসুস্থ এই শিল্পীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজে সহকর্মীরা তার পাশে দাঁড়াচ্ছেন। এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন।
এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীও রিফাতের চিকিৎসায় সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘রিফাত ভাই একা নন। আমি তার পাশে আছি। তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমিসহ আমাদের সংগঠনগুলো তার পাশে থাকবে।’
এবার সেই উদ্যোগে যুক্ত হলেন জায়েদ খান। রিফাতের চিকিৎসার এই সংকটময় সময়ে তার পাশে দাঁড়ানোর বিষয়টি শোবিজে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।
জায়েদ খানের বলেন, ‘রিফাত ভাই আমাদের সিনিয়র শিল্পী। এই সময়ে তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি মনে করি, একজন শিল্পীর বিপদের সময়ে সহকর্মীরা পাশে থাকলে তার মনোবল অনেক বেড়ে যায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করেছি। অন্যরাও যেন এগিয়ে আসেন এটাই আমার প্রত্যাশা।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা