জন্ম: ৪ঠা অক্টোবর ১৯৮০
পাওলি দাম পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন একটি বাঙালি পরিবারে, যাদের আদি নিবাস ছিল ফরিদপুরে (বর্তমান বাংলাদেশ)। তাঁর বাবা আমল দাম, মা পাপিয়া দাম এবং ভাইয়ের নাম মৈনাক দাম।
শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। লরেটো স্কুল থেকে পড়াশোনা শেষে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক এবং রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি শাস্ত্রীয় নৃত্য ও থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন। তবে শুরুতে কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না, বরং গবেষক বা পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন।
পাওলির অভিনয়জীবন শুরু হয় টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। ২০০৩ সালে তিনি জি বাংলার “জীবন নিয়ে খেলা” ধারাবাহিকে অভিনয় করেন। এরপর জনপ্রিয় ধারাবাহিক “তিথির অতিথি”–তে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এছাড়াও তিনি “সোনার হরিণ”, “জয়া”সহ আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত “অগ্নিপরীক্ষা” ছিল তাঁর প্রথম ছবি। তবে গৌতম ঘোষ পরিচালিত “কালবেলা” (২০০৯) ছবিতে মাধবীলতা চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা ও ব্যাপক খ্যাতি অর্জন করেন। তাঁর ভাষায় এটি ছিল ক্যারিয়ারের এক টার্নিং পয়েন্ট।
২০১১ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পান “ছত্রাক” চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে, যা প্রদর্শিত হয়েছিল কান, টরন্টো ও লন্ডন চলচ্চিত্র উৎসবে।
বলিউডে অভিষেক ঘটে ২০১২ সালে “হেট স্টোরি” চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে কাব্যাহ কৃষ্ণ চরিত্রে তাঁর অভিনয় তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর তিনি অভিনয় করেন “অঙ্কুর অরোরা মার্ডার কেস”–এ।
২০১৬ সালে হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে “নাটকের মতো” ছবিতে অভিনয়ের জন্য পান সেরা অভিনেত্রী (ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড)।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো—
কালবেলা, ছত্রাক, বেডরুম, এলার চার অধ্যায়, অভিশপ্ত নাইটি, হেরকিউলিস, নাটকের মতো, মনোমাণুষ, বাঁশিওয়ালা, হেট স্টোরি (বলিউড), অঙ্কুর অরোরা মার্ডার কেস (বলিউড)
পাওলি দাম শুধু গ্ল্যামার চরিত্রেই নয়, বরং বাস্তবধর্মী, সংবেদনশীল ও ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজেকে আলাদা করে তুলেছেন। বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও দর্শককে মুগ্ধ করে।
শুভ জন্মদিন পাওলি দাম — বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের প্রতিভাবান ও বহুমুখী অভিনেত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা