ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়েছে।
ঘটনার দু'দিন পর গতকাল মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় এই মামলা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন।
ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মূল সন্দেহভাজনকে এখনও ধরতে পারেনি পুলিশ।
এরআগে, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সঙ্কটাপন্ন অবস্থায় ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেয়া হবে।
