মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজার সময় যাতায়াত ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসবে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।