মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে সুনামগঞ্জে কন্যাশিশু দিবস–২০২৬ উদ্যাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ কন্যাশিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও পুষ্টির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর জন্য বৈষম্যহীন ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় কন্যাশিশুর সুস্থ বিকাশ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।