দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ বৌদ্ধবিহার পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত ঐতিহাসিক মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহারে হঠাৎ নেমে এসেছে অচলাবস্থা।
বিহার কর্তৃপক্ষের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী এই পর্যটনকেন্দ্রটি।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকায় অবস্থিত এই সীমা বৌদ্ধবিহারটি দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় ও পর্যটন আকর্ষণ।
হঠাৎ করে প্রবেশপথের ফটকে তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ায় চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভ্রমণপিপাসু পর্যটক।
বৌদ্ধবিহার কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা যাতে মূল ফটকে এসে অযথা হয়রানির শিকার না হন, সে জন্যই বাইরে স্পষ্ট সাইনবোর্ড টানিয়ে বন্ধের বার্তা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ এবং আসামিদের উপযুক্ত শাস্তির পরই পুনরায় বিহারের দুয়ার সবার জন্য খুলে দেওয়া হতে পারে বলে সংকেত দিয়েছে কর্তৃপক্ষ।
হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সেখানে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী)
