জেলা প্রতিনিধি,পিরোজপুর :
পিরোজপুর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট ও রি-এজেন্টের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু না হওয়া, রোগীদের খাবার সরবরাহ এবং সার্বিক চিকিৎসাসেবার মান নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের খাবার সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া দ্রুত পরীক্ষার ফলাফল পেতে অধিকাংশ ডেঙ্গু রোগীকে বাইরের ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি দল সদর হাসপাতালে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট ও রি-এজেন্ট যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু করা হয় কি না এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রোগীদের অসন্তোষের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতাল থেকে ডেঙ্গু পরীক্ষা করালেও অধিকাংশ রোগী বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাচ্ছেন। এর কারণ জানতে চাইলে রোগীরা দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য বাইরে থেকে পরীক্ষা করানোর কথা জানান।
দুদকের এ কর্মকর্তা আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের খাবার সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও খাবারের বরাদ্দ রয়েছে ১০০ জনের জন্য। এ ছাড়া হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
মো. জাকির হোসেন আরো বলেন, হাসপাতালের দালালচক্রের তৎপরতা নিয়েও অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সতর্ক করা হয়েছে। অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম ও রোগীদের সেবার মানসংক্রান্ত অভিযোগগুলোও খতিয়ে দেখা হয়েছে।