পটুয়াখালীর গলাচিপায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব জাকির হোসেন মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. কাওসার, কালিবাড়ি কমিটির আহবায়ক রামু পাল, সদস্য সচিব সুখরঞ্জন বণিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকরলাল দাস, পৌর পূজা উদযাপন কমিটির সম্পাদক সঞ্জয় কুমার পাল, কালীবাড়ি কমিটির সদস্য সাবেক বণিক সমিতি সম্পাদক তাপস দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মোঃ রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী।