কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ, জেলা মহিলা দলের সদস্য সচিব মিলি কায়কোবাদ, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সরকার অরুণ যদু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ