নতুন বছরের আগেই মোবাইল ফোনের দাম কমতে পারে। সরকারের পক্ষ থেকে সুখবর দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
তিনি জানিয়েছেন, বৈধ পথে মোবাইল ফোন আমদানি শুল্ক কমানো হবে, যার ফলে ক্রেতারা কম দামে মোবাইল কিনতে পারবেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ আমদানি বন্ধে মোবাইল ফোন আমদানিতে শুল্ক হ্রাস করা হবে।
এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন, ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বৃদ্ধি না হলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। তবে তিনি আশাবাদী, বর্তমান আর্থিক পরিস্থিতিতে রাজস্ব আদায়ের গতি ভালো রয়েছে।
