কিশোরগঞ্জ প্রতিনিধি: বদরুজ্জামান ভূঞা সোহাগঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গোৎসবের নবমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবের শান্তিপূর্ণ আয়োজনের খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াদিয়া শাবাব উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া এবং হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ সময় ওয়াদিয়া শাবাব বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গোৎসবের শেষ পর্যন্ত সুন্দর পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, রাত ৮টার দিকে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহীদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বণিক, হোসেনপুর পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বণিক তাপস, জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সজীব চন্দ্র মোদক এবং শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ ধরনের পরিদর্শন উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
