আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি সড়কের পাশে উল্টে গেলে সেটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। এ ঘটনায় তানিয়ার মা ও বড় বোনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্য রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার মো. আনোয়ার হোসেন এর ছোট মেয়ে।
আহত ব্যক্তিরা হলেন তানিয়ার মা ডেইজি আক্তার (৩৫), বড় বোন আঁখি আক্তার (১৭) এবং বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ির পাইলট ফার্ম এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিল সিএনজিটি। পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে সিএনজিটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় সিএনজির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানিয়া। দুর্ঘটনায় তার মা, বোন ও এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত তানিয়াকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নানা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমার নাতনি তার মা ও বোনের সঙ্গে পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছে। আমরা কোনো মামলা করব না।’
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
এদিকে দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ১২ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।