শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৪ নং খাড়েরা ইউনিয়নের মনকাশাইর কোটি টাকার আশ্রয়ণ প্রকল্পে ৪৬৪টি ঘরের মধ্যে ২১০টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
অথচ এলাকার অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবার এখনো স্থায়ী আশ্রয় থেকে বঞ্চিত।
স্থানীয়দের অভিযোগ প্রকল্পের কিছু ঘর প্রভাবশালীদের দখলে রয়েছে। প্রকৃত অসহায়রা ঘর না পেলেও সরকারি কোটি কোটি টাকায় নির্মিত ঘরগুলো অব্যবহৃত পড়ে আছে।
এ ছাড়া প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।ভুক্তভোগীদের দাবি তালাবদ্ধ ঘর গুলোর বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান /মেম্বারকে অবগত করা হলেও ভূমিহীনদের স্বার্থে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘরগুলো কাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে কেন সেগুলো তালাবদ্ধ এবং বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কি না তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
একই সঙ্গে অব্যবহৃত ঘরগুলো প্রকৃত উপকারভোগীদের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরে প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে এবং সরকারি আবাসন প্রকল্পের সুফল পৌঁছাবে প্রকৃত অসহায় মানুষের কাছে।