মোঃ রাকিবুল হাসান, গলাচিপা
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হামলায় এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম ও অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহ জালাল। আহত কনস্টেবল জসিমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে মৎস্য বিভাগের একটি অভিযানকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। ওই দলের সঙ্গে পুলিশের সদস্যরাও ছিলেন। এ সময় নদীতে কয়েকটি ট্রলারে ইলিশ মাছ শিকার করা হচ্ছিল।
অভিযানকারী দলের সদস্যরা একটি ট্রলারকে প্রায় ১০ মিনিট ধাওয়া করে সেটির কাছাকাছি পৌঁছালে ট্রলারে থাকা জেলেরা বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে স্পিডবোটের চালক মো. শাহ জালাল ও পুলিশ কনস্টেবল মো. জসিম আহত হন। কনস্টেবল জসিমের হাতে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।
অভিযানে অংশ নেওয়া মৎস্য বিভাগের এক সদস্য জানান, ট্রলারে থাকা জেলেদের আটক করার চেষ্টা করা হলে তাঁরা সংঘবদ্ধভাবে হামলা চালান। এ সময় পুলিশের সদস্য এগিয়ে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর জেলেরা দ্রুতগতিতে ডাবল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পালিয়ে যান। ফলে তাঁদের আটক করা সম্ভব হয়নি।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে ইলিশ শিকার করছিলেন। তাঁদের ধরতে অভিযান চালানোর সময় স্পিডবোটে হামলার ঘটনা ঘটে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন আমরা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করব।#