মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে হাওর, নদ-নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করা সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সারোয়ার হোসেনকে সভাপতি ও হাসান খানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান খান। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন, এমদাদুল হক ও মাহবুব চৌধুরী।
বক্তারা হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধ, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাওরের জীববৈচিত্র্য, নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওর, নদী ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।