মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের আঁধারে মোটরসাইকেলে এসে চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে জামাল উদ্দিন (৬০) নামে ওই বৃদ্ধের বাম পা ও উরুতে গুলির আঘাত লেগেছে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত জামাল উদ্দিন ওই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জামাল উদ্দিন বাড়ির পাশের ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কালো পোশাক পরা ও হেলমেটধারী দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে আসে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় তারা।
গুলিতে জামাল উদ্দিনের বাম পা ও উরুতে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় পোস্টার লাগিয়েছিলেন। বর্তমানে তাঁর একাধিক ছেলে প্রবাসে রয়েছেন। তবে তাঁর অতীত রাজনৈতিক তৎপরতার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে জামাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাম পা ও উরুতে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চায়ের দোকানে বসে থাকা ওই বৃদ্ধকে দুই ব্যক্তি এসে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
হামলার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।