নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাস (৪) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র ও চরজব্বর থানা পুলিশ জানায়, রোববার দুপুরে কোনো একসময় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই বোন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি করে দুজনকে উদ্ধার করেন। দ্রুত তাদের চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই বোনের মধ্যে স্বর্ণা রানী দাস চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আবদুল জববার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: