স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পেনের মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সম্পর্কে মালাগার মেয়রকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আলোচনায় কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতগুলো উঠে আসে।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টির প্রশংসা করেন মালাগার মেয়র। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
