গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় দলীয় কার্যালয় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. জিয়াউল জিয়া, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ উপজেলার ১৫টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বলেন,১৯৭১সালে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও সাহসিকতার কারণেই আমরা আজ একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁরা জাতির গর্ব। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাঁদের ত্যাগ ও অবদান দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
