ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসাম্মৎ হাসি বেগম (৬০)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় র্যাব-১০ এর একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং বিশেষ অভিযান পরিচালনা করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ফয়সাল ওই দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয়। তিনি প্রায়ই ঢাকার আগারগাঁওয়ে বড় বোন মোসাম্মৎ জেসমিন আক্তারের বাসায় যেতেন। হামলার দিনও ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ের কর্নেল রোডের পানির ট্যাংকি এলাকার ওই বাসায় যান।
এদিকে আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নরসিংদী সদর থানার তারুয়া এলাকায় মোল্লা বাড়ির সামনের তারুয়া বিলের পানির ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. ফয়সাল (২৫) নামের আরেক যুবককেও আটক করেছে র্যাব।
