পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ ২৫ ডিসেম্বর ২০২৫, সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
সকাল ৬টা ও ৯টা—উভয় সময়েই তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি দেখা গেছে। তবে ঠান্ডার পাশাপাশি সকাল থেকে হালকা মিষ্টি রোদে সূর্যের দেখা মিলেছে, যা কিছুটা স্বস্তি এনে দেয় সাধারণ মানুষের মাঝে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, গতদিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আজ সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল রাজশাহী জেলায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তাই শীতজনিত অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
