দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা হয়ে দাঁড়ায় রীতিমতো বিপজ্জনক। সম্প্রতি চেন্নাই বিমানবন্দরে ভক্তদের ভিড়ে তেমনই এক নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভক্তদের হুড়োহুড়িতে বিজয়ের পরনের জামা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোই দায় হয়ে পড়েছে বিজয়ের জন্য। এক পর্যায়ে উন্মত্ত ভক্তরা অভিনেতার জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি। তবে দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনোভাবে গাড়িতে উঠে পড়েন এই সুপারস্টার।
