ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইফফাত জাহান তুলির কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এনামুল হক মন্টু, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোসলেম আলী এবং মহাসচিবের বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে শামীম হায়দার পাটোয়ারী বলেন,“নির্বাচনী পরিবেশ তৈরি এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করি। আমরা সরকার ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও বলেন,“জাতীয় পার্টির তিনজন প্রার্থী এখনো রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের স্বার্থে তাঁদের জামিনের বিষয়ে সরকার বিবেচনা করবে বলে আশা করছি। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় হবে।”
সুন্দরগঞ্জ প্রতিনিধি
মো. শাহিন মিয়া
