ডিমলা উপজেলার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ‘বিজয় চত্বর’ সম্প্রতি নানা অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শহীদদের স্মরণে নির্মিত এই এলাকায় স্মৃতিস্তম্ভ, উন্মুক্ত পাবলিক লাইব্রেরি ও শিশুদের খেলার সরঞ্জাম থাকায় এটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, নারী ও পরিবারের জন্য নিরাপদ মিলনস্থল হিসেবে পরিচিত ছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, ইদানীং সন্ধ্যার পর কিছু বখাটে যুবক বিজয় চত্বরে জড়ো হয়ে প্রকাশ্যে নেশা সেবন করছে। পাশাপাশি স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং, অশালীন মন্তব্য ও বিশৃঙ্খল আচরণের ঘটনাও ঘটছে। এতে নারী ও অভিভাবকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “বিজয় চত্বর একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। কিন্তু বর্তমানে সন্ধ্যার পর পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে। পরিবার নিয়ে আসতে ভয় লাগে।”
এলাকাবাসীর দাবি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারির অভাবে এসব অনিয়ম বাড়ছে। তারা দ্রুত পুলিশ টহল জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা বৃদ্ধি এবং বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সচেতন মহলের মতে, শহীদদের স্মৃতিবিজড়িত বিজয় চত্বরকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। তা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি
