বগুড়া শহরের দুটি গুরুত্বপূর্ণ মাছের আড়ৎ ও বাজারে যৌথভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব-১২। অভিযানে মাছের গুণগত মান ও নিরাপত্তা যাচাই করে কোনো অনিয়মের প্রমাণ না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা বা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়নি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশন এলাকার চাষী বাজার মৎস্য আড়ৎ এবং ফতেহআলী মাছের বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
মনিটরিং চলাকালে বিভিন্ন প্রজাতির মাছ পরীক্ষা করে চিংড়ি মাছে নিষিদ্ধ পুশড জেলি ব্যবহার করা হয়েছে কি না এবং মাছে ফরমালিনের উপস্থিতি রয়েছে কি না তা যাচাই করা হয়। পরীক্ষায় সার্বিক ফলাফল সন্তোষজনক হওয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল অংশগ্রহণ করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ মনিটরিং ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
