নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ডিমলা উপজেলায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে গোলাম রাব্বানী (রোস্তম আলীর ছেলে), নটাবাড়ী এলাকার বাসিন্দাকে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পরিবেশ, কৃষিজমি ও জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নদী দখল ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইনানুগ কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি
