পবিত্র ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা ছিল। প্রস্তুতিও নিয়েছিলেন প্রযোজক ও পরিচালকেরা। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশন ঘুরে দেখার পাশাপাশি শিল্পী-কলাকুশলীদের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি ইত্যাদি কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
ভারতের পরিবর্তে এখন বাংলাদেশি সিনেমার শুটিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠছে শ্রীলঙ্কা।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এর পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সম্ভাব্য কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনায় ছিল ভারতের বিভিন্ন শহর। আবার অভিনয় ও কারিগরি সহায়তায় যুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী-কলাকুশলী।
আজ বাংলাদেশে শুরু হচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন এ টাইম ইন’ ঢাকার শুটিং। শাকিব খান অভিনীত ছবিটি ঈদে মুক্তির লক্ষ্যেই তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদে, পরে শুটিংয়ের পরিকল্পনায় যুক্ত হয় কলকাতা। সর্বশেষ সিদ্ধান্ত, এ ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়। ইতিমধ্যে পুরো টিম সেখানকার কয়েকটি লোকেশন ঘুরে দেখেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আবেদন করেও ছবিসংশ্লিষ্ট অনেক সদস্যের সময়মতো ভিসা না হওয়াতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কিছু না বললেও ‘প্রিন্স’ টিম–সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, যেহেতু ঈদের ছবি, ভারতের ভিসার জন্য অপেক্ষা করলে কাজ পিছিয়ে যাবে। একই ধরনের লোকেশন শ্রীলঙ্কায় পাওয়া যাচ্ছে, তাই সেখানে টানা শুটিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম। এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের কিছু অংশে শুটিং করতে পারে।