“সবার আগে বাংলাদেশ”—এই আদর্শকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. আব্দুল বারী তাঁর নিজ জন্মভূমি মাত্রাই ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই নির্বাচনী মাঠে নামেন তিনি। জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে দেশের দরিদ্র ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারে।”
তিনি আরও বলেন,
“জয়পুরহাট জেলার বহু গ্রামীণ এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব রাস্তা দ্রুত পাকা করা হবে। গ্রাম হবে শহরের মতো উন্নত—এটাই আমাদের লক্ষ্য। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তন।”
বিশেষ অতিথির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন,
“বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। এই দল কখনো জনগণের ভোটাধিকার থেকে সরে যায়নি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”
জনসভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা সফল করতে মাত্রাই ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
জনসভায় সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম।
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি—
