আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে সারাদেশের ভোটকেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আল-মামুন মিয়া। এতে উপস্থিত ছিলেন জনাব উত্তম কুমার রায়, উপপরিচালক, স্থানীয় সরকার, জয়পুরহাট; জনাব মোঃ মাসুদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; এবং জনাব বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জয়পুরহাট।
এছাড়াও সভায় নেসকো, পল্লী বিদ্যুৎ সমিতি ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বিদ্যুৎ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ ও সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি
