আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত এখনও জানায়নি, তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না।
অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।
অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক দলে সরকারি ও বেসরকারি— উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন।
