নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশের মান্দা উপজেলা শাখার সদস্যরা।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে মান্দা উপজেলা শাখার সদস্যদের তালিকা ইউএনওর কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে তাঁকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মতবিনিময়ে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইউএনও মোছা. আতিয়া খাতুন বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা একটি সুশৃঙ্খল বাহিনীর প্রতিচ্ছবি। মান্দা উপজেলার উন্নয়নে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অসকসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নওগাঁ জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. সাইদুল ইসলাম হেলাল, জেলা সিনিয়র সহসভাপতি ও মান্দা উপজেলা সভাপতি সার্জেন্ট (অব.) আনিছার রহমান মামুন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) নেকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) আমিনুল ইসলাম।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) এমদাদুল হক, ওয়ারেন্ট অফিসার (অব.) নাজিমউদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নাজমুল হক
নওগাঁ প্রতিনিধি
