দেশব্যাপী চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ে দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে মাগুরায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, এমপি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরার সভাপতি অধ্যাপক ডা. আলীমুজ্জামান, মাগুরা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আ.ত.ম. আব্দুল্লাহেল কাফি এবং মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসীন উদ্দীন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটি অব মেডিসিন, মাগুরার সেক্রেটারি ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী। ডেঙ্গু চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিসিন) দীপাঞ্জন সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব মেডিসিন, মাগুরার সভাপতি ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. দেবাশিস বিশ্বাস।
প্রশিক্ষণ কর্মশালায় ডেঙ্গু রোগী শনাক্তকরণ, রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চিকিৎসকদের প্রস্তুত রাখা এবং আক্রান্ত রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
