আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ীর শুভ উদ্বোধন করা হয়েছে। এই ভোটের গাড়ীর উদ্বোধন করেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী, গণমানুষের নেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।
জনাব হেসাব উদ্দিন সকালে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ভোটের গাড়ী যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, ছাত্রসমাজ, সামাজিক সংগঠনের কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। ডিজিটাল ব্যানার, পোস্টার, মাইকিং ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই যুগে নির্বাচন প্রচারণাও আধুনিক হতে হবে। আমি বিশ্বাস করি, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণ দাঁড়িপাল্লা প্রতীকেই তাদের ভোট প্রদান করবে।” তিনি আরও বলেন, পাবনা-২ আসনের উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই আমার রাজনীতি। ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকলে এই আসনকে দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী আসনে পরিণত করবো।”
স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অধ্যাপক কেএম হেসাব উদ্দিন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, যিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে পাবনা-২ আসনে একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক ধারা সূচিত হবে।
ডিজিটাল ভোটের গাড়ীটি উদ্বোধনের পর সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচারণা চালায়। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
সার্বিকভাবে এই ডিজিটাল প্রচারণার মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
