নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এনসিপির ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একইসথে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান যোগদানকৃত এনসিপি নেতাকর্মীরা। এসময় তাদের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের র্নিবাচনী এক উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠিত হয়। বিএনপিতে যোগদান করেছেন তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহবায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্বপন ডাক্তারের বাড়িতে উঠান বৈঠক করে বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে আহবান জানান তিনি। একইসাথে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভ’মিহীনদের পুনঃবাসন, হাতিয়ার যাতায়ত ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া হেলাল উদ্দিন জানান, দীর্ঘ দিন এনপিপির ৭ নং ওয়ার্ডের সদস্য সচিব এর দায়িত্ব পালন করে ছিলেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। আজ থেকে ধানের শীষের পক্ষেই কাজ করবেন বলে জানান তিনি।
এই ব্যাপারে এনসিপির তমরদ্দি ইউনিয়নের সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, এই কমিটিটি অকার্যকর ছিল। অনেক দিন পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত। তাতে কোন দলে যোগদান করেছে কি না আমার জানা নেই।
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি