নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে ট্রাক্টর ও পাওয়ার টিলার চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জিত হয়েছে। জেলার মান্দা থানার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় চারটি পাওয়ার টিলার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত কিছুদিন ধরে নওগাঁ জেলার মান্দা থানার বিভিন্ন এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কয়েকজন চৌকস পুলিশ সদস্যকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে মান্দা থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে চোর সন্দেহে মোঃ ফারুক হোসেন (৪৫), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- গাড়ীক্ষেত্র, থানা- মান্দা-কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ মিলন হোসেন (৫০), পিতা- মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং- লালবাড়ি, থানা- মহাদেবপুর-এর হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ও মিলন হোসেন ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের দেখানো স্থান ও হেফাজত থেকে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই পাওয়ার টিলার আনা–নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজন বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে উদ্ধার হওয়া পাওয়ার টিলার ফেরত পাওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃষিনির্ভর মান্দা এলাকায় কৃষি কাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসী মান্দা থানা পুলিশসহ নওগাঁ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি
