শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার (গড়গড়িয়া) খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। খালটির দখল ও দূষণের বাস্তব চিত্র দেখতে সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (২ মার্চ) বেলা ১১টায় উপজেলার ছাপিলাপাড়া গ্রামে খালটি পরিদর্শনকালে মন্ত্রী বলেন,
“নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।”
পরিদর্শনের সময় তিনি খালপাড়ে নেমে দখল ও দূষণের চিত্র প্রত্যক্ষ করেন। খালের দুই পাশের কারখানা থেকে নির্গত বর্জ্য পানিতে মিশে পরিবেশ দূষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
খাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী বলেন,“দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করে মার্কেট ও স্থাপনা নির্মাণ করেছেন। খাল সরকারের সম্পত্তি, এটি জনসাধারণের স্বার্থেই ব্যবহৃত হবে। দখলমুক্ত ও দূষণমুক্ত করে খাল পুনরুদ্ধারে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে।”
সভায় নদী ও প্রকৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান খোরশেদ আলম ও নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা এর সভাপতি সাঈদ চৌধুরী মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন। খাল পুনঃখনন ও দখলমুক্তকরণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী।
