মোঃ রুবেল হোসেন | বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে শুরু হয়েছে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) আলোচনা সভা, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ময়লা-আবর্জনা পরিষ্কার, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে।
আলোচনা সভা ও র্যালিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ, একাডেমিক সুপারভাইজার নূরনবী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, ড্রেন ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাউফলকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ‘ক্লিন বাউফল, গ্রিন বাউফল’ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।