প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলাতেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) একযোগে দেশব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
খাগড়াছড়িতে চলমান এ বিশেষ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অজয় সেন ত্রিপুরা
খাগড়াছড়ি
