জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমান–কে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সমর্থনের কথা জানান ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।
সোমবার (৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় অবস্থানের কথা জানান এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
