মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় কমিটির উপদেষ্টা ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। সভায় খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের আগ্রাসন, চোরাচালান প্রতিরোধসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, যে কোনো মূল্যে মাদক নির্মূল করে মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আরও যত্নশীল হতে হবে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে এসে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর এবং মাগুরার পিপি সাখাওয়াত হোসেন।
বক্তারা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে সন্তানদের সঠিকভাবে প্রতিপালনের আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল পাম্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয় এবং কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান বক্তারা।
