বিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দির নাম রাসেল মিয়া (২৬)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং আতিক মিয়ার ছেলে। এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
কারাগার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। বুধবার সকালে কারাগারের বাথরুমে তিনি পড়ে গেলে বিষয়টি নজরে আসে। পরে কারা চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতেই রাসেল মিয়া হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন। বুধবার সকাল ৯টার দিকে তাকে আসামি ওয়ার্ড থেকে কারাগারের হাসপাতালে আনা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতালে পাঠানো হলে সকাল ১০টা ২০ মিনিটে তিনি মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এমরুল মিয়া ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পরদিন নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে রাসেল মিয়াসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
