ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পবিত্র রমজানের ২৩তম দিনে বিকেলে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো. রুহুল আমীন, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান ও সাংবাদিক বরুণ ব্যাণার্জী। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, রমজান মাস মানুষকে মিথ্যা পরিহার করে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে আমাদের আগামীর পথ চলতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের সঠিক তথ্য তুলে ধরে দেশ ও জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী।
