কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উদয়পুর গ্রামে জমি রেজিস্ট্রি করতে হুমকি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ জাহিদুজ্জামান (৪৩), পিতা: মোঃ জহুরুল ইসলাম, সাং- উদয়পুর, থানা: ইবি, জেলা: কুষ্টিয়া। তিনি ইবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত মোঃ সাবান আলী (৫৫) ও মোঃ আবেদ আলী (৪৫) উভয়েই মৃত আব্দুল জলিল মন্ডলের পুত্র এবং কালাচান্দ বশির মন্ডল (৩৮) পিতা মৃত বাউল মন্ডল, সকলেই উদয়পুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সাবান আলী অভিযোগকারীর চাচাতো ভাই।
অভিযোগকারী জানান, সাবান আলীর কাছে তার একটি গরু ভাগে দেওয়া ছিল। এছাড়াও ২০১৬ সালে সাবান আলী তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ধার নেন এবং বাগানের গাছ বিক্রির ১০ হাজার টাকা নিজের কাছে রাখেন। শর্ত ছিল প্রয়োজন হলে তিনি টাকা ফেরত দেবেন। কিন্তু অভিযোগ রয়েছে, সাবান আলী অভিযোগকারীকে না জানিয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল তার গরুটি ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।
পরে অভিযোগকারী গরু বিক্রির টাকা, ধার করা টাকা ও গাছ বিক্রির টাকা মিলিয়ে মোট ৭৪ হাজার ৫০০ টাকা ফেরত চাইলে সাবান আলী এক মাসের মধ্যে পরিশোধের আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১৫ জুলাই সকাল ১০টার দিকে অভিযুক্তরা অভিযোগকারীর পিতার কাছে জোরপূর্বক তাদের জমি সাবান আলীর নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ ও হুমকি দেন। এতে রাজি না হওয়ায় অভিযোগকারী ও তার পিতাকে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা এলাকার চাষিদের জমি বর্গা বা লিজ নিতে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে তাদের জমি অনাবাদি পড়ে রয়েছে।
এ ঘটনায় মোঃ মাহামুদুল হাসান, খাকচার বিশ্বাস ও মাহাবুলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ইবি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
কুষ্টিয়া প্রতিনিধি: মীর রকিবুল ইসলাম
