মানিকগঞ্জে নকল প্রসাধনী সামগ্রী বিক্রি এবং দেশীয় শাড়িকে ভারতীয় ও পাকিস্তানি শাড়ি বলে প্রতারণার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে জেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বিদেশি ব্র্যান্ডের নামে নকল প্রসাধনী বিক্রি করছেন, যা ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। একইসঙ্গে, কয়েকটি দোকানে দেশীয়ভাবে তৈরি শাড়িকে ভারতীয় ও পাকিস্তানি শাড়ি হিসেবে অধিক দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছিল।
এ ধরনের অনিয়মের দায়ে পৌরসভা মার্কেটের ফাতেমা কসমেটিককে ৫ হাজার টাকা, জেলা শহরের পালকি শোরুমকে ২০ হাজার টাকা এবং রঞ্জিত ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
এছাড়া উক্ত তিনটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্কও করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যেন প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”
বাজারে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।মুহাম্মদ সুজন মোল্লামানিকগঞ্জ জেলা প্রতিনিধি
-1773754559.jpg)